Advertisement

চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করলো বিএসএফ, এলাকাবাসীর সহায়তায় আটক পুলিশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় পাঁচ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার ভোর ৬টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের পুশইন করলে তারা জীবননগর শহরের দিকে এগিয়ে আসছিলেন। এ সময় স্থানীয়রা তাদের চলাফেরা সন্দেহজনক মনে করে আটক করে এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে।

আটককৃত ব্যক্তিরা হলেন আব্দুস শুকুর খান, শারমিন আক্তার রুমি, হামিদা, নয়ন এবং নিয়ান। প্রাথমিক তথ্যানুযায়ী, আটককৃতদের মধ্যে নিয়ান ভারতীয় নাগরিক বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামের দুই ব্যক্তি তাদের সীমান্ত পারাপারে সহায়তা করেছেন, তবে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানিয়েছেন, আটক পাঁচজনকে থানায় জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। তাদের প্রকৃত পরিচয়, নাগরিকত্ব এবং কোন পরিস্থিতিতে তারা সীমান্ত অতিক্রম করেছেন, তা যাচাই-বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এ ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং তারা সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%