Advertisement

এআই প্রযুক্তিতে প্রখ্যাত চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা চট্টগ্রামে গ্রেপ্তার দুই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রখ্যাত ইউরোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের পরিচয় জালিয়াতির মাধ্যমে প্রতারণার দায়ে চট্টগ্রাম থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তানভির আলম ওরফে রাহাত এবং মো. নূরনবী ইসলাম ওরফে মানিক। গত ১৮ ও ১৯ আগস্ট চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি ও পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি ডা. কামরুল ইসলামের ছবি ও কণ্ঠস্বর নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভুয়া ভিডিও তৈরি করত। ‘প্রোস্টুলিন এফ’ নামক একটি ভেষজ পণ্যের কার্যকারিতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রচার করা হতো, যেখানে প্রস্টেট ও যৌন দুর্বলতার মতো জটিল সমস্যার কাল্পনিক সমাধানের আশ্বাস দেওয়া হতো। চিকিৎসকের পরিচিতি ব্যবহার করায় সাধারণ মানুষ সহজেই এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিচ্ছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল।

বিজ্ঞাপন

অভিযানের সময় প্রতারকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, সিম কার্ড এবং সাতটি অবৈধ ভেষজ ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও ডিজিটাল ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে চক্রটির কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে। এই ঘটনার সূত্রপাত হয় ডা. কামরুল ইসলামের ব্যক্তিগত সহকারী শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করার পর। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে এবং তাদের মূল নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এ ধরনের ঘৃণ্য জালিয়াতি ও প্রতারণার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%