মুকসুদপুরে বৃদ্ধা জাহান বেগম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে জাহান বেগম (৬০) নামক এক নারীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঁচুড়িয়া ঈদগাহ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে নিহতের পরিবারের স্বজনসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
নিহত জাহান বেগমের পারিবারিকভাবে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর অসহায় জাহান বেগম বাড়িতে একা বসবাস করতেন। এলাকার কিছু মাদকাসক্ত ব্যক্তি তার বাড়িতে নিয়মিত মাদক সেবন করত, যা তিনি বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১১ জুলাই রাতে মাদকাসক্তরা সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে এবং মাদকের টাকা জোগাড়ের উদ্দেশ্যে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে আহত জাহান বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
