Advertisement

দিনাজপুরে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষসহ আটক ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকা থেকে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা বাজারমূল্যের সাপের বিষসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব। গত ১৩ আগস্ট দুপুরে একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দরের আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চিরিরবন্দরের দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম, দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা এলাকার মো. সালাউদ্দিন সান্জু, ফুলবাড়ী উপজেলার মো. আনিছুর রহমান এবং বিরামপুরের উজ্জল আলী। অভিযানে তাদের কাছ থেকে তিনটি কাচের জারে প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করে আসছিল এবং উদ্ধারকৃত বিষগুলোও বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষার পর জব্দকৃত নমুনাটি সাপের বিষ হিসেবে নিশ্চিত হওয়া যায়।

অভিযান শেষে আটককৃতদের মালামালসহ চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%