Advertisement

ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধর ও লুটপাটের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

ময়মনসিংহ মহানগরীর জিলা স্কুল সংলগ্ন এলাকায় ‘ডক্টরস পেট কেয়ার’ নামের একটি পশু চিকিৎসাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনায় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। চাঁদা না দেওয়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় এক নারী চিকিৎসকের কক্ষে ঢুকে তাকে মারধর করছেন এবং ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীক পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছেন। একপর্যায়ে ওই নেতা নিজেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে তাকে কিল-ঘুষি মারেন। হামলার সময় সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে লোহার রড দিয়ে পেটানো হয় ওই চিকিৎসককে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও শারীরিকভাবে লাঞ্ছিত ও টানাহেঁচড়া করা হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী চিকিৎসক শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, হামলাকারীরা ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা লুট করেছেন এবং ভাঙচুর চালিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন। এই ঘটনায় তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজটি ছড়িয়ে পড়ার পর তোলপাড় সৃষ্টি হলে মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় অভিযুক্ত নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%