চ্যাম্পিয়নস লিগের হোম ম্যাচগুলো স্টামফোর্ড ব্রিজে খেলবে শাখতার দোনেৎস্ক

ইউক্রেনীয় ফুটবল ক্লাব শাখতার দোনেৎস্ক আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ঘরোয়া ম্যাচগুলো লন্ডনে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। ইউফোর আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় থাকা এই সিদ্ধান্তে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের ৪টি হোম ম্যাচ খেলবে দলটি। রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে নিজ দেশে খেলা আয়োজন করা অসম্ভব হয়ে পড়ায় নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করেই এই ভেন্যু বেছে নেওয়া হয়েছে।
২০১৪ সালে দোনেৎস্ক অঞ্চল রাশিয়ার দখলে চলে যাওয়ার পর থেকেই শাখতারের নির্বাসিত জীবনের শুরু। গত ৪ বছর ধরে রাশিয়ার চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের মাটিতে ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। ক্লাবটি জানিয়েছে, স্ট্যামফোর্ড ব্রিজের মতো এমন অসাধারণ একটি ভেন্যুকে ইউরোপে নিজেদের সাময়িক ঠিকানা করতে পেরে তারা কৃতজ্ঞ। তবে তাদের লক্ষ্য এবং প্রত্যাশা একটাই—যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটিয়ে দ্রুত নিজ দেশের সমর্থকদের সামনে প্রিয় ফুটবল মাঠে ফেরা।
উল্লেখ্য, স্ট্যামফোর্ড ব্রিজ প্রায় ২০ বছর রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানায় ছিল। তবে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষিতে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার চাপে পড়ে আব্রামোভিচ ক্লাবটি বিক্রি করতে বাধ্য হন। বর্তমানে মার্কিন ব্যবসায়ী টড বোয়েলি এবং বেহদাদ এগবালির নেতৃত্বাধীন মালিকানাধীন গোষ্ঠীর অধীনে থাকা চেলসির এবারের মৌসুমে কোনো উয়েফা প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা নেই। ফলে ম্যাচ সূচি নিয়ে কোনো জটিলতা তৈরির আশঙ্কা নেই।
মোনাকোতে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে প্রতিযোগিতার মূল পর্বে শাখতারের প্রতিপক্ষ কারা হবে। অতীতে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন ভেন্যুতে এবং ২০২২ সাল থেকে পোল্যান্ড, জার্মানি ও স্লোভেনিয়ার মাটিতে ইউরোপীয় প্রতিযোগিতার ম্যাচ আয়োজন করেছে শাখতার। এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের কোনো মাঠে ঘরোয়া ম্যাচ খেলতে যাচ্ছে তারা। চেলসির বর্তমান স্কোয়াডে থাকা শাখতারের সাবেক উইঙ্গার মিখাইলো মুদ্রিকও এই আয়োজনে যোগ দিচ্ছেন। ম্যাচগুলো যেন খেলোয়াড় ও সমর্থকদের জন্য নিরাপদ ও আরামদায়ক হয়, তা নিশ্চিত করতে চেলসি কর্তৃপক্ষ শাখতারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
