ফিফা প্রধানকে টুর্নামেন্ট থেকে দূরে থাকার অনুরোধ কনকাকাফের অস্বস্তিতে ইনফান্তিনো

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিশ্ব ফুটবলে যে অস্থিরতা ও সমালোচনা চলছে, তার আঁচ এখন পৌঁছেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জেও। ডমিনিকান রিপাবলিকে আয়োজিত যুব ফুটবলের একটি টুর্নামেন্ট থেকে ইনফান্তিনোকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্ট্যাগ্লিয়ানি। তার ভাষ্যমতে, বর্তমান পরিস্থিতিতে ইনফান্তিনোর উপস্থিতি টুর্নামেন্টের মূল লক্ষ্য ও আমেজকে ম্লান করে দেবে।
প্রতিবেদন অনুযায়ী, ফিফার পরিচালনা পর্ষদ নিয়ে সৃষ্ট সংকটই মূলত এই অনুরোধের মূল কারণ। রয়টার্সের হাতে আসা এক চিঠিতে মন্ট্যাগ্লিয়ানি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইনফান্তিনোর সম্ভাব্য উপস্থিতি গণমাধ্যমের বাড়তি মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এতে অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরির এই গুরুত্বপূর্ণ যুব প্রতিযোগিতার টেকনিক্যাল দিকগুলো আলোচনার আড়ালে ঢাকা পড়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ফুটবলের বৃহত্তর স্বার্থে ইনফান্তিনোকে তার উপস্থিতির বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন কনকাকাফ প্রধান।
উল্লেখ্য যে, ফিফার নিজস্ব শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাবের পর থেকেই ইউরোপের উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ—এই তিন অঞ্চলের তীব্র রোষানলে পড়েছেন ইনফান্তিনো। এমনকি তার বিরুদ্ধে অনাস্থা ভোটের সম্ভাবনাও জোরালো হচ্ছে। অথচ এই কঠিন সময়েও তিনি ২০৩১ সাল পর্যন্ত টানা চতুর্থ মেয়াদে নিজের চেয়ার ধরে রাখার পরিকল্পনা করছেন।
এদিকে, সমালোচনার মুখে থাকলেও ডমিনিকান রিপাবলিকে পৌঁছে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন ফিফা প্রধান। দেশটির ক্রীড়া ও বিনোদন মন্ত্রী কেলভিন ক্রুজ, ডমিনিকান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হোসে ডেশ্যাম্পস, ন্যাশনাল কমিশনার বেনি মেটজ এবং অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট গ্যারিবাল্ডি বাউতিস্তা লরেঞ্জো তাকে স্বাগত জানান। মন্ত্রী কেলভিন ক্রুজ আশা প্রকাশ করেছেন, ইনফান্তিনোর এই সফর ডমিনিকান ফুটবলকে বিশ্বমঞ্চে পরিচিতি এনে দেবে এবং উন্নয়নের নতুন পথ উন্মোচন করবে। তবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার অন্দরের এই উত্তাল পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়, তা এখন দেখার বিষয়। এ বিষয়ে ফিফার মন্তব্যের অপেক্ষায় আল জাজিরা স্পোর্টস।
