Advertisement

বিয়ানীবাজারে নৌকাবাইচ আয়োজন ঘিরে উত্তেজনা প্রশাসনিক হস্তক্ষেপে সমাধানের উদ্যোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়ে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করায় এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে। এর জেরে বারইগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে বৈঠক করে আয়োজকদের কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে সুনাই নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে এবং প্রতিবছর নদীর দুই তীরে হাজার হাজার দর্শক সমবেত হন। তবে গত বছর নৌকাবাইচকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, যা স্থানীয়দের মধ্যে নতুন করে ভীতির সঞ্চার করেছে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় এবারের আয়োজন নিয়ে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং এ নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রশাসনের কাছে কোনো অনুমতি বা সহযোগিতা চাওয়া হয়নি। এই আয়োজনটিকে ধর্মীয় রূপ দেওয়ার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক এবং এ ধরণের কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন বিশেষ নজর রাখছে। ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য এলাকাবাসী প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%