Advertisement

হিলি প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক সোহেল রানা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মো. গোলাম রাব্বানী সভাপতি এবং এখন টিভির প্রতিনিধি সোহেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী মর্তুজা ও কোষাধ্যক্ষ পদে সাব্বির হোসেন বিপ্লব নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মো. লুৎফর রহমান, দপ্তর সম্পাদক পদে জনী শেখ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সেলিম মীর জয়লাভ করেছেন।

বিজ্ঞাপন

সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে মো. আবিদ হোসেন এবং ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে তহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদের পরিচালনায় নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দিনব্যাপী ভোটগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করেন। নতুন নেতৃত্ব পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, বস্তুনিষ্ঠতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা হিলি এলাকার নানাবিধ সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%