Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ওরাল কলেরা টিকা কার্যক্রমের সূচনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রথমবারের মতো মুখে খাওয়ার কলেরা প্রতিরোধমূলক টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক সূচনা করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হাবীবুর রহমান জানিয়েছেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় এই ক্যাম্পেইনের আওতায় নবীনগর উপজেলার প্রায় ৬ লাখ মানুষকে কলেরা প্রতিরোধী টিকা প্রদান করা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. শেখ ফজলে রাব্বি, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ড. মো. নোমান মিয়া ও ড. মো. হিমেলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%