Advertisement

জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের একটি নতুন ডিসপ্লে ও সেলস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বর্তমানে থাকা ৩৪ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার সরকারের উচ্চাভিলাষী লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়েছে। বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার বৃহৎ শিল্পের পাশাপাশি স্বল্প বিনিয়োগের পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এছাড়া শিল্প খাতের বিদ্যুৎ সংকট নিরসনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সৌরবিদ্যুতের বিষয়ে মন্ত্রী জানান, সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, যা বাস্তবায়িত হলে শিল্প কারখানায় লোডশেডিংয়ের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল প্লটগুলোতে গ্যাসের বিকল্প হিসেবে রাইস হাস্ক বা ধানের তুষ ও কয়লা ব্যবহারের একটি রূপরেখা তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই টেকসই সমাধান শিল্প উৎপাদনের গতি ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিলেটের স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য দেশি-বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে ওসমানী বিমানবন্দরের এই ডিসপ্লে সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উদ্যোক্তারা নতুন বাজারের সঙ্গে সংযুক্ত হতে পারবেন এবং তাদের পণ্যের বিশ্বব্যাপী প্রচার ও বিপণন সহজতর হবে। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ধাপে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই স্থানীয় শিল্পের বিকাশে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানান।

0%
0%
0%
0%