Advertisement

বোল্টের রেকর্ড চূর্ণ করে ট্র্যাকে ঝড় তুলল চীনের লাইটনিং রোবট, ১০০ মিটার দূরত্ব পাড়ি দিল ৯.৩২ সেকেন্ডে

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় নতুন ইতিহাস গড়েছে চীনের তৈরি লাইটনিং নামের এক রোবট। বেইজিংয়ে আয়োজিত দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক এক ইভেন্টে ১০০ মিটার দূরত্ব মাত্র ৯.৩২ সেকেন্ডে অতিক্রম করে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভেঙে দিয়েছে এই রোবট। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোবটটি দৌড়ের সময় প্রতি সেকেন্ডে ১৪.৫ মিটার সর্বোচ্চ গতি অর্জন করতে সক্ষম হয়েছে।

২০০৯ সালে বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি এতদিন অটুট ছিল। এবার সেই রেকর্ড পেছনে ফেলে নতুন উচ্চতায় পৌঁছেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের তৈরি এই রোবট। এর আগে এপ্রিলে অনুষ্ঠিত বেইজিং হাফ ম্যারাথনেও ২১ কিলোমিটার পথ ৫০ মিনিট ২৬ সেকেন্ডে পাড়ি দিয়ে সবাইকে চমকে দিয়েছিল লাইটনিং, যা এলিট পুরুষ অ্যাথলেটদের বিশ্ব রেকর্ড গতির চেয়েও দ্রুত।

বিজ্ঞাপন

প্রযুক্তিবিদরা জানিয়েছেন, হাফ ম্যারাথনের সময় রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পা ছিল ৯৫ সেন্টিমিটার দীর্ঘ। তবে বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের জন্য প্রস্তুতির অংশ হিসেবে এর পায়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটার করা হয়েছে।

বিজ্ঞাপন

চীনের কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে হিউম্যানয়েড রোবট নিয়ে ব্যাপক বিনিয়োগ চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও হার্ডওয়্যারের আধুনিকায়ন কাজে লাগিয়ে উৎপাদন শিল্প, লজিস্টিকস এবং দৈনন্দিন জীবনে এই রোবটগুলোর ব্যবহার বাড়াতে কাজ করছেন নীতিনির্ধারক ও বিভিন্ন কোম্পানি। প্রযুক্তির উৎকর্ষে গড়া এই রোবট এখন খেলাধুলার জগতেও নতুন দিগন্ত উন্মোচন করছে।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%