মণিরামপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ইয়াসমিন খাতুন ও জিসান হোসেন নামে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পারখাজুরা বাঁওড় সংলগ্ন একটি ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে এবং জিসান একই গ্রামের মফিজুর রহমানের ছেলে। তারা স্থানীয় হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসার যথাক্রমে প্রথম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ধানক্ষেতে বেশ কিছু শাপলা ফুল ফুটেছিল। ঘটনার সময় ওই এলাকার ৫-৬ জন শিশু মিলে শাপলা তুলতে পানিতে নামে। ওই স্থানে পানির গভীরতা কয়েক ফুট থাকায় এক পর্যায়ে ইয়াসমিন তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে জিসানও পানির গভীরে হারিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসার শিক্ষক শেখ আজাদসহ স্থানীয়রা দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পরিবার ও এলাকাবাসী এ ঘটনায় শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছেন। এদিকে, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের মতো ঝুঁকিপূর্ণ ও গভীর জলাশয়গুলোর ব্যাপারে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
