যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে হাজীগঞ্জের তরুণ জুম্মানের সাফল্য

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই গ্রামের কৃতি সন্তান জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্যে হাজীগঞ্জসহ পুরো জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে।
জুম্মান তপদার ওই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।
জানা যায়, উন্নত জীবনের প্রত্যাশায় ২০২৩ সালের জুন মাসে জুম্মান পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে কেবল কঠোর পরিশ্রম নয়, বরং অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির বলে তিনি নিজেকে যোগ্য করে তোলেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে নিজের জায়গা করে নিতে সক্ষম হন তিনি।
জুম্মানের এমন সাফল্যে গর্বিত তার পরিবার ও স্বজনরা। এলাকাবাসীর মতে, বিদেশের মাটিতে একজন বাংলাদেশির এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো হাজীগঞ্জবাসীর জন্য সম্মানের। সকলে তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
