Advertisement

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন পারফরম্যান্স ডিরেক্টর জুবিন বারুচা লক্ষ্য এবার শিরোপা খরা কাটানো

আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের পারফরম্যান্স বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে জুবিন ভারুচাকে। ৫৬ বছর বয়সী এই প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠের বাইরের সব ধরনের পারফরম্যান্স কৌশলের দেখভাল করবেন। দলের হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে এবং তাঁর কোচিং প্যানেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, জুবিন ভারুচার রাজস্থান রয়্যালসের সাথে সুদীর্ঘ অভিজ্ঞতার ঝুলি রয়েছে। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি দলটির টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে দিল্লি ডেয়ারডেভিলসে সংক্ষিপ্ত সময় কাটিয়ে ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা ও তাদের দক্ষতাকে বিকশিত করার ক্ষেত্রে তার বিশেষ খ্যাতি রয়েছে। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল এবং অতি সম্প্রতি বৈভব সূর্যবংশীর মতো উদীয়মান তারকাদের গড়ে তোলার পেছনে তার বিশেষ অবদান রয়েছে।

বিজ্ঞাপন

মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজির পারফরম্যান্স ইকোসিস্টেমের অন্তর্গত সকল বিভাগে বিদ্যমান নেতৃত্বস্থানীয় দলের সাথে নিবিড়ভাবে কাজ করবেন ভারুচা। আইপিএলের অন্যতম সফল এই দলটির জন্য বর্তমান সময়টা বেশ কঠিন। ২০২০ সালের পর থেকে দলটি আর ট্রফির স্বাদ পায়নি। এর মধ্যে মাত্র দুবার তারা প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাছাড়া পয়েন্ট টেবিলের তলানিতে থেকে দুইবার ‘উডেন স্পুন’ জয় এবং এক মৌসুম নবম স্থানে থেকে শেষ করার তিক্ত অভিজ্ঞতাও রয়েছে দলটির। এই দীর্ঘ ট্রফি খরা কাটিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে পুনরায় জয়ের ধারায় ফেরানোই এখন জুবিন ভারুচার বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%