পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মতৎপরতা বাড়াতে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মপরিধি ও কাজের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শামা ওবায়েদ আরও বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে নতুন তিনটি উইং চালু করা হয়েছে এবং অভিবাসন ও অবৈধ অভিবাসন রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় বাড়াতে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যা অতীতে ছিল না।
পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন বলে জানান প্রতিমন্ত্রী। এই প্রেক্ষাপটে কাজের গতি ও সমন্বয় বজায় রাখতে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তা সম্মিলিতভাবে বাস্তবায়ন করা হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সরকার শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব দিয়েছে।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে চলমান আলোচনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণই হবে সরকারের প্রধান বিবেচ্য বিষয়। কোনো জোটে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার নিজেই। কোনো বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রভাবিত হওয়ার সুযোগ নেই এবং এ ধরনের যেকোনো সিদ্ধান্ত গণমাধ্যমের মাধ্যমেই দেশবাসী আনুষ্ঠানিকভাবে জানতে পারবে।
