Advertisement

রাহুলের প্রয়াণের পাঁচ মাস পর মৌমিতার প্রেমের দাবির প্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সুদীপ্তা চক্রবর্তী

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পাঁচ মাস পেরিয়ে গেলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার রেশ যেন কাটছে না। সম্প্রতি অভিনেত্রী মৌমিতা পণ্ডিতের বিস্ফোরক দাবি বিনোদন পাড়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মৌমিতা প্রকাশ্যে রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক থাকার কথা জানিয়ে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে চারদিকে ব্যাপক গুঞ্জন শুরু হয়। না ফেরার দেশে চলে যাওয়া একজন মানুষের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে এমন ময়নাতদন্তকে মোটেও ভালোভাবে দেখছেন না নেটিজেনরা।

রাহুলের অকাল প্রয়াণে ভেঙে পড়া পরিবার এবং তাঁর কাছের মানুষরা যখন শোক সামলে ওঠার চেষ্টা করছেন, ঠিক তখনই মৌমিতার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন রাহুলের দীর্ঘদিনের সহকর্মী ও দিদিসম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সুদীপ্তা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রশ্ন তুলেছেন মৌমিতার উদ্দেশ নিয়ে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রেম একান্তই ব্যক্তিগত একটি অনুভূতি, যা জনসমক্ষে এভাবে প্রদর্শনের বিষয় নয়, বিশেষ করে যখন সম্পর্কের অপর পক্ষ আর বেঁচে নেই।

বিজ্ঞাপন

সুদীপ্তার মতে, প্রিয়াঙ্কা ও ছোট সহজসহ রাহুলের শোকাতুর পরিবারের কথা ভেবে মৌমিতার আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল। যে ভিডিও ফুটেজটি সামনে আনা হয়েছে, তা কেবল রাহুলের স্মৃতিকেই অপমানিত করে। সুদীপ্তার দৃঢ় বিশ্বাস, রাহুলকে সম্মান জানাতে না পারলে সেই ভালোবাসার কোনো অর্থ থাকে না। তাঁর প্রশ্ন, মৌমিতা যদি সত্যিই রাহুলকে ভালোবেসে থাকেন, তবে অভিনেতার মৃত্যুর পর কেন তিনি ওড়িশায় ছুটে যাননি? কেন রাহুলের বিচার চেয়ে আইনি লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দেননি?

সবশেষে মৌমিতাকে উদ্দেশ্য করে সুদীপ্তার পরামর্শ, গ্ল্যামার দুনিয়ার সস্তা প্রচারের চেয়ে নিজের কাজ এবং জীবন নিয়ে মনোযোগী হওয়াই শ্রেয়। অহেতুক অন্যকে ছোট করে আলোচনার কেন্দ্রে আসার পরিবর্তে গান শোনা, বই পড়া বা নিজের ক্যারিয়ারে উন্নতির চেষ্টা করাই একজন প্রকৃত শিল্পীর কাজ হওয়া উচিত। রাহুলের নাম ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি না করার জন্য মৌমিতাকে অনুরোধ জানিয়ে সুদীপ্তা ইতি টেনেছেন এই উত্তপ্ত বিতর্কের।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%