Advertisement

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের বগি বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ সকালে ট্রেনটি পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে বগিটির স্প্রিং ও বডি ভেঙে নিচে দেবে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর অচল হয়ে পড়লে পরিস্থিতি সংকটাপন্ন হয়ে ওঠে।

ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে চালক ও গার্ড তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন। তাদের সময়োপযোগী তৎপরতায় শত শত যাত্রী এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। বর্তমানে ট্রেনটি লাইনের ওপর আটকে থাকায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী সব ধরনের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উদ্ধারকাজ পরিচালনার জন্য পার্বতীপুর ও সান্তাহার জংশনে খবর দেওয়া হয়েছে এবং উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করে রেল যোগাযোগ কখন পুনরায় স্বাভাবিক হবে, সে বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি।

0%
0%
0%
0%