নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি জামায়াতে ইসলামীর আহ্বান

নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিয়ে আসা এখন সময়ের দাবি। তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজকর্মীর ভূমিকা পালন করতে হবে এবং মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে সব স্তরে দলীয় প্রার্থী দিয়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমেই সংগঠনের প্রতি মানুষের আস্থা সুসংহত করতে হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দলের সর্বস্তরের জনশক্তির মধ্যে তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভীরু নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েম।
সম্মেলনে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা নায়েবে আমির অধ্যাপক মো. মহিউদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।
