জার্মান কাপে রণক্ষেত্র গ্যালারি, সহিংসতায় আহত শতাধিক, কাইজারসলাউটার্নের নাটকীয় জয়

জার্মানির ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জার্মান কাপের প্রথম রাউন্ডের ম্যাচে ভলডফ ম্যানহেইম ও কাইজারসলাউটার্নের মধ্যকার লড়াইটি শেষ পর্যন্ত মাঠের ফুটবলের চেয়ে অনাকাঙ্ক্ষিত উত্তজনা আর বিশৃঙ্খলার কারণেই সংবাদের শিরোনাম হয়েছে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যকার সংঘর্ষে প্রায় ১০০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩৫ জন পুলিশ সদস্যও রয়েছেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে, নির্ধারিত সময় শেষে গোলশূন্য অবস্থায় থাকা ম্যাচটি প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ রাখতে বাধ্য হন আয়োজকরা।
প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচটিকে আগেই উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কারণ, দল দুটির অবস্থান একে অপরের থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে। নিরাপত্তায় কোনো ঘাটতি রাখতে চায়নি কর্তৃপক্ষ, তাই প্রায় ১ হাজার ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল মাঠে। তবে প্রথমার্ধের লড়াই শেষে বিপত্তি ঘটে যখন সফরকারী প্রান্ত থেকে গ্যালারিতে থাকা সমর্থকরা মূল স্ট্যান্ডের দিকে আতশবাজি ছুড়তে শুরু করে। এর প্রতিবাদে স্বাগতিক সমর্থকরা মাঠের ভেতরে ঢুকে পড়লে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।
পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, সংঘর্ষের ঘটনায় মোট ৮৫ জনের চিকিৎসার প্রয়োজন হয়েছে। এর মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক শক্তি প্রয়োগ করতে হয়েছে। মাঠের ভেতরে ঢুকে পড়া দর্শকদের জোরপূর্বক স্বাগতিক সমর্থকদের গ্যালারিতে ফেরত পাঠাতে পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন পড়ে।
দীর্ঘ বিরতির পর ম্যাচটি পুনরায় শুরু হয় এবং শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয়তায় গড়ায় খেলা। ম্যাচের একদম শেষ দিকে ১২০ মিনিটে ইব্রাহিম কানাটের গোল কাইজারসলাউটার্নকে ১-০ ব্যবধানের জয় এনে দেয়। উত্তপ্ত পরিবেশ ও মাঠের অস্থিরতা ছাপিয়ে গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করে দেয়।
