Advertisement

দক্ষিণ আফ্রিকায় আততায়ীর গুলিতে নিহত সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার জোলানি তেতে

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপের এমডানতসানে এলাকায় নিজ বাসভবনের সামনে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার জোলানি তেতে। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি ক্রীড়াবিদকে তার গাড়িতেই গুলি করে হত্যা করা হয়। হামলার সময় তার সঙ্গে থাকা ২৭ বছর বয়সী এক নারীও গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্যমতে, এমডানতসানেতে নিজের বাড়ির গেট খোলার অপেক্ষায় গাড়িতে বসে থাকা অবস্থায় বোরখা পরিহিত দুই সশস্ত্র দুর্বৃত্ত তেতের ওপর অতর্কিত হামলা চালায়। বর্ণাঢ্য ক্যারিয়ারে তেতে ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডব্লিউবিএফ ফ্লাইওয়েট এবং ২০১৭ ও ২০১৯ সালে ডব্লিউবিও ব্যান্টামওয়েট বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করেছিলেন। তার পেশাদার বক্সিং ক্যারিয়ারের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয়; ২৯টি জয়ের বিপরীতে ২২টি নকআউট জয়, ৪টি হার এবং ১টি নো কন্টেস্ট নিয়ে তিনি বিদায় নিয়েছিলেন।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকান এই সাউথপাও বক্সারের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০১৪ সালে জাপানে, যেখানে তিনি তেইরু কিনোশিতাকে পয়েন্ট ব্যবধানে হারিয়ে আইবিএফ জুনিয়র-ব্যান্টামওয়েট বিশ্ব খেতাব জিতেছিলেন। ২০১৭ সালে সি বোনাইসো গনিয়ার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মাত্র ১১ সেকেন্ডে নকআউট করে তিনি বিশ্বরেকর্ড গড়েছিলেন, যা এখন পর্যন্ত যেকোনো বিশ্ব খেতাবী লড়াইয়ের দ্রুততম নকআউট হিসেবে স্বীকৃত।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে লন্ডনের ওয়েম্বলি অ্যারেনায় ব্রিটেনের জেসন কানিংহামকে হারিয়েছিলেন তেতে। তবে পরবর্তীতে স্ট্যানোজোলোল পরীক্ষায় ইতিবাচক ফল আসায় সেই লড়াইয়ের ফলাফল বাতিল করা হয় এবং তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ এই পদার্থ সেবনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসা তেতে, চলতি বছরের জুলাইয়ে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পুনরায় রিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন এক মুহূর্তে তার এই মর্মান্তিক মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনে শোকের ছায়া ফেলেছে।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%