Advertisement

সখীপুরে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর মায়ের পাশে প্রধানমন্ত্রী আর্থিক অনুদান হস্তান্তর

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের এক শিক্ষার্থীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে তিনি দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চিকিৎসা অনুদান পৌঁছে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শনিবার দুপুরে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কালিদাস কলতান বিদ্যানিকেতন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে শিক্ষার্থীর দাদা সাত্তার শিকদারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, এসএসসি পাসের আনন্দ উদযাপনে মিষ্টি না খেয়ে সেই অর্থ সহপাঠীর মায়ের চিকিৎসায় দান করায় ২৫ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নজরে আসা মাত্রই তিনি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। তিনি আরও বলেন, সখীপুরের এই প্রত্যন্ত অঞ্চলের একটি পরিবারের বিপদের কথা যেমন প্রধানমন্ত্রীর দৃষ্টি এড়িয়ে যায়নি, তেমনি দেশের প্রতিটি জেলা ও উপজেলার মানুষের যেকোনো সংকটে তিনি একইভাবে অভিভাবকের ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, নাঈম শিকদার নামের ওই শিক্ষার্থীর মা লাইলী বেগম ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। চিকিৎসার খরচ মেটাতে নাঈমের দাদা একটি গরু বিক্রি করেছিলেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় সংগৃহীত ৪০ হাজার টাকার মানবিক খবরটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তিনি চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী প্রধানমন্ত্রীর এমন মানবিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0%
0%
0%
0%