চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় অরুন দাশ নামের ৫৯ বছর বয়সী এক গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ভিজুয়াল গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অরুন দাশ ওই এলাকার জালালাবাদ নিবাসী সতীশ দাশের সন্তান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে অরুন দাশ রাস্তা পার হওয়ার সময় ৩ নম্বর রুটের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দোষী চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
