ফিলাডেলফিয়ার বিপক্ষে অশোভন আচরণে জরিমানার কবলে লিওনেল মেসি ও ইয়ান ফ্রের

মেজর লিগ সকারের শৃঙ্খলা কমিটির কঠোর শাস্তির মুখে পড়েছেন ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি। ফিলডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে গত বুধবার অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ের ওপর হাত দিয়ে লিগের আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে গোপন অংকের জরিমানা করা হয়েছে। চেস্টারের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল এবং আলোচিত এই ঘটনাটি ঘটেছিল ম্যাচের ১০১তম মিনিটে।
একই ম্যাচে একই অপরাধের দায়ে ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। উত্তপ্ত সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের শেষ ভাগে মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলডেলফিয়া ইউনিয়নের ক্যাভান সুলিভান সরাসরি লাল কার্ড দেখেছিলেন। তবে সুলিভানের জন্য শুক্রবার সুখবর নিয়ে আসে ইনডিপেনডেন্ট রিভিউ প্যানেল। ইউএস সকার, কানাডা সকার এবং প্রফেশনাল রেফারি অর্গানাইজেশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই প্যানেল সর্বসম্মতিক্রমে সুলিভানের লাল কার্ড ও পরবর্তী এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে শনিবার অস্টিন এফসির বিপক্ষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন এই তরুণ তুর্কি। ফিলডেলফিয়ার এই সফল আপিল তাদের ২০২৬ মৌসুমের দুটি ব্যর্থ আপিলের কোটা অক্ষুণ্ণ রেখেছে।
এদিকে বুধবারের অন্য ম্যাচে মাঠের নিয়ম ভঙ্গের দায়ে শাস্তির আওতায় এসেছেন টরন্টো এফসির ডিফেন্ডার ওয়াকার জিমারম্যান। শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচের ৫৬তম মিনিটে লাল কার্ড দেখার পর দ্রুত মাঠ না ছাড়ায় তাকে জরিমানার মুখে পড়তে হয়েছে। একই দিনে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে বিভ্রান্ত করার বা সিমুলেশনের দায়ে জরিমানা গুনেছেন মিনেসোটা ইউনাইটেড এফসির ডিফেন্ডার অ্যান্থনি মারকানিচ।
