জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুই ব্যক্তিকে গুলি, এলাকায় আতঙ্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া-নারাইনপুর চালবন্দ এলাকায় জুমার নামাজে যাওয়ার পথে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে সংঘটিত এই ভয়াবহ হামলায় আবুল হেকিম এবং মিফতা নামের দুজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরেই এই অতর্কিত হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ পড়তে যাওয়ার সময় চালবন্দ এলাকায় পৌঁছালে আব্দুল আহাদ, তার দুই ছেলে সিমু আহমদ ও ইমন আহমদ এবং রাসেল কামালী ও জোবায়েল কামালীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দিনদুপুরে জনবহুল এলাকায় এমন গুলির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে জনমনে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে এবং স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
