Advertisement

কুড়িগ্রামে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইলসহ যুবক আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইলসহ এনামুল হক অন্তর নামের এক যুবককে আটক করেছে পুলিশ ও বিজিবি। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। আটক এনামুল ওই এলাকার ময়েন আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে এনামুলের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে লুকানো অবস্থায় এসব স্মার্টফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের সেট রয়েছে। জব্দকৃত এসব চোরাই মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। তার নেতৃত্বে পুলিশের একটি দলের পাশাপাশি কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মতিউর রহমানের নেতৃত্বাধীন বিজিবি সদস্যরা এতে অংশ নেন। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আসাদমোড় এলাকাটি দীর্ঘদিন ধরে চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসত একটি চোরাচালান চক্র। এরপর ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে এসব রেজিষ্ট্রেশনবিহীন চোরাই মোবাইল কিনে নিয়ে যেত। এসব অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করে অপরাধী চক্র নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে স্থানীয়রা জড়িত অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%