মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকার একটি ফসলের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে এবং মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন জহুরুল। ওইদিন রাত ২টার দিকে গুনারীতলা ইউনিয়নের আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর পরিত্যক্ত অবস্থায় তার অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি পেলেও জহুরুলের কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তার ছেলের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ অটোরিকশাটি উদ্ধার করলেও ঘটনার রহস্য উন্মোচন সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পাশে একটি খেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি নিখোঁজ জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এটি হত্যাকাণ্ড কি না তা নিশ্চিত হতে তদন্ত কাজ চলমান রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
