Advertisement

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) এবং রুবাইয়া (৮)। তারা সকলেই স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে তাদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাৎক্ষণিক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারের পরপরই দ্রুত তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে চার শিশুকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসক শিমুল জানান, হাসপাতালে আনার আগেই শিশুগুলোর মৃত্যু হয়েছে।

নিহত ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবার নাম মুন্না, রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবার নাম রাকিব। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানিয়েছেন, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%