মাদারীপুরে কিশোরকে অপহরণের পর মুক্তিপণ দাবি, নারীসহ আটক ৩

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রামে মুক্তিপণের দাবিতে ইয়াছিন মোল্লা নামে এক কিশোরকে অপহরণ ও শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে টেকেরহাট থেকে নানাবাড়িতে ফেরার পথে অটোরিকশায় পরিচয় হওয়া এক যুবকের প্ররোচনায় ইয়াছিনকে ডুমুরতলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে একটি নির্জন বাড়িতে আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ভুক্তভোগী কিশোরের ভাষ্যমতে, অপহরণকারীরা তাকে হেলমেট পরিয়ে মাঠের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে চাপাতি ও শিকল প্রদর্শন করে তাকে হত্যার হুমকি দিয়ে পরিবারের কাছে ফোন করতে বাধ্য করা হয়। প্রাণের ভয়ে ইয়াছিন তার মাকে ফোন করে মুক্তিপণের বিষয়টি জানালে তার পরিবার দিশেহারা হয়ে পড়ে। এরপর তাকে সারারাত ওই নির্জন বাড়িতে অবরুদ্ধ রেখে অমানবিক নির্যাতন চালানো হয়।
বৃহস্পতিবার ভোরে পাহারায় থাকা ব্যক্তি ঘুমিয়ে পড়লে কৌশলে ইয়াছিন তার মোবাইল ফোন থেকে নিজের অবস্থানের ঠিকানা মাকে জানায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ওই বাড়িটি ঘেরাও করলে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। পরে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।
এ ঘটনায় আটককৃতরা হলো আশীষ মণ্ডল, গ্রাব্যীয়েল বাড়ৈ ও ডলি বাড়ৈ। তবে চক্রের সহযোগী রনি বাড়ৈ ও আকাশ মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
