সন্দ্বীপে তিন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অদম্য মেধাবী তিন শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। অর্থাভাবে পড়াশোনা বন্ধের ঝুঁকিতে থাকা এই শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন তিনি। তাদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের পাশাপাশি বইপত্র ক্রয়ের জন্য তাৎক্ষণিকভাবে জনপ্রতি সাত হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই তিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে একান্ত আলোচনায় বসেন আমজাদ হোসেন। সেখানে উপস্থিত ছিলেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের আলেয়া বেগম শীতুল, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ঊর্মি আক্তার এবং গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মমিত্রা রায়। মেধাবী এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বৃত্তি প্রদানের ঘোষণা দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিকূলতাই পড়াশোনায় বাধা হতে পারে না। এই সফলতার ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
আর্থিক সহায়তার আশ্বাস পেয়ে আবেগাপ্লুত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আলেয়া বেগম শীতুল জানান, পড়াশোনার খরচ নিয়ে এতদিন যে দুশ্চিন্তা ছিল তা এখন দূর হয়েছে। এখন থেকে কোনো প্রকার উৎকণ্ঠা ছাড়াই মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন বলে জানান তিনি।
