কচুয়ায় একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের

বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নিহত মনিরা বেগমের বড় ছেলে ফয়সাল হাওলাদার বাদী হয়ে কচুয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে নিজেদের বসতঘরের ভেতর থেকে মনিরা বেগম, তার ছেলে আহাদ হাওলাদার এবং তার মা রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার পর পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে নিহতের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বুধবার সন্ধ্যায় জানাজা শেষে মনিরা বেগম ও তার ছেলে আহাদ হাওলাদারকে চান্দেরকোলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। একই সময়ে নিহত রাশিদা বেগমকে বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামে সমাহিত করা হয়।
পরিবারের তিন সদস্যকে এভাবে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজন ও স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটনপূর্বক জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
