AdvertisementAdvertisement

মাইজদীতে প্রবাসীর বাসায় পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায়কালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনে এক প্রবাসীর বাসায় পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় আনোয়ার হোসেন টিটু নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত টিটু বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের নুর আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা বিচারাধীন রয়েছে।

অভিযানের সময় পুলিশ টিটুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, লুণ্ঠিত ২৭ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করেছে। এছাড়া ঘটনাস্থলের নিচ থেকে আসামিদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে টিটুর অন্য দুই সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Advertisement
বিজ্ঞাপন

ভুক্তভোগী নাঈমা আক্তার ও তার পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রাণনাশের হুমকি দিয়ে ওই সময় জোরপূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে এবং লুণ্ঠিত অর্থ ও অস্ত্র জব্দ করতে সক্ষম হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির ধারায় নতুন করে তিনটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%