AdvertisementAdvertisement

বোয়ালমারীতে টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও সহকারীর বিরুদ্ধে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি মালামাল নিয়মবহির্ভূতভাবে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ার বাইরে গিয়ে লোহার বেঞ্চ ও জানালাসহ বেশ কিছু মালামাল গোপনে সরিয়ে ফেলার অভিযোগ করেন স্থানীয়রা।

গত ৬ জুলাই বিদ্যালয়ের চারটি পরিত্যক্ত ভবনের টিন, ইট ও লোহার অ্যাঙ্গেলসহ বিভিন্ন সামগ্রী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়। তবে অভিযোগ রয়েছে, ওই দরপত্রের বাইরে থাকা বিদ্যালয়ের বিভিন্ন লোহার বেঞ্চের অ্যাঙ্গেল এবং একটি বড় লোহার জানালাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল কোনো প্রকার নিয়ম না মেনেই বিক্রি করে দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় এসব মালামাল একটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে গোহাইলবাড়ী বাজার এলাকায় ট্রাকটি আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামালগুলো জব্দ করে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে রাখার নির্দেশ দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন জানান, নিলামে কেবল পরিত্যক্ত ভবনের মালামাল বিক্রির কথা থাকলেও গোপনে অতিরিক্ত সম্পদ বিক্রির চেষ্টা করা হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ এভাবে নিয়মবহির্ভূতভাবে আত্মসাতের চেষ্টার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement
বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম টেন্ডার ছাড়াই কিছু মালামাল বিক্রির কথা স্বীকার করলেও এর দায়ভার প্রধান শিক্ষকের ওপর চাপিয়েছেন। তবে প্রধান শিক্ষক আইয়ুব আলী এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া বিদ্যালয় ত্যাগের বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

0%
0%
0%
0%