গোসাইরহাটে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৫ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত গোসাইরহাট থানার বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার দাসের জঙ্গল (সবুজ ছাতা), মহেশ্বরপট্টি ও মুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দাসের জঙ্গল (সবুজ ছাতা) এলাকার ইব্রাহিম চৌকিদারের ছেলে আলী হোসেন চৌকিদার (৩৫), ডামুড্যা উপজেলার নান্দ্রা এলাকার মৃত জাহাঙ্গীর আকনের ছেলে মো. আক্তার হোসেন (৩২), গোসাইরহাট উপজেলার মিত্রসেনপট্টি এলাকার মৃত আলী আহম্মদ খানের ছেলে মো. মামুন খান (৪০) এবং বরিশালের মুলাদী উপজেলার পূর্ব চরপদ্মা এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে অহিদুল মাল (৪৫)।
পুলিশ জানায়, আলী হোসেন চৌকিদারের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আক্তার হোসেনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মামুন খান ও অহিদুল মালের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোসাইরহাট থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের ৬ আগস্ট আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
