AdvertisementAdvertisement

সাভারে পুলিশের অভিযানে ভবন থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

ঢাকার সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টার এলাকায় পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারুল স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের ধাওয়ার মুখে পড়ে ছাদ থেকে নিচে পড়ে যান মনোয়ারুল। নিহতের বাবা জাফর আলী জানান, ঘটনার রাতে পুলিশ সদস্যরা চারতলার বাসায় প্রবেশ করে তল্লাশি চালায় এবং তার নাতি শাহরিয়ার কবির সৌমিককে খুঁজতে থাকে। এ সময় পুলিশের এক সদস্য দ্রুত ছাদে উঠে গেলে বিকট শব্দে কিছু পড়ার আওয়াজ পাওয়া যায়। নিচে গিয়ে মনোয়ারুলকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, রংপুরের পীরগাছায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় শাহরিয়ার কবির সৌমিক ও মনোয়ারুল হোসেন বকশী আসামি ছিলেন। পীরগাছা থানা পুলিশের একটি দল আসামি গ্রেপ্তারের জন্য সাভার মডেল থানার সহায়তায় ওই ভবনে অভিযান চালায়। পুলিশের দাবি, আসামিদের ধরতে গেলে মনোয়ারুল ছাদ থেকে লাফ দেন, যা তার মৃত্যুর কারণ হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%