প্রেমিকার বিয়ের দিন সিরাজগঞ্জে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জটিবাড়ি গ্রামে বিয়ের পিঁড়িতে বসা প্রেমিকার বিরহে রাকিব প্রামাণিক (২২) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে গ্রামের একটি আম বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাকিব ওই গ্রামের সোহরাব প্রামাণিকের সন্তান।
মৃত্যুর পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক আবেগঘন স্ট্যাটাস দেন রাকিব। সেখানে তিনি উল্লেখ করেন, স্থানীয় এক তরুণীর সাথে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর পরিবার অন্যত্র বিয়ের আয়োজন করায় অভিমানে তিনি আত্মহননের পথ বেছে নেন। স্ট্যাটাসে তরুণীর বাবা-মায়ের প্রতি অভিযোগ তুলে তিনি তাদের দায়ী করেছেন।
নিজের কৃতকর্মের জন্য বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে ওই তরুণ লিখেছেন, কাউকে কিছু না জানিয়েই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বিদায়বেলায় তিনি সৃষ্টিকর্তার কাছে নিজের পাপের ক্ষমা চেয়ে শেষবারের মতো সবার কাছে দোয়া চেয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
