AdvertisementAdvertisement

মাদকসহ গ্রেপ্তার মেলান্দহ স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলামকে মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এরপর বৃহস্পতিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় সোলায়মান ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সংগঠন কোনোভাবেই আপস করবে না এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কঠোর অবস্থান বজায় থাকবে।

Advertisement
বিজ্ঞাপন

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিস রায় জানিয়েছেন, আটককৃত সোলায়মানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকেই মাদক নির্মূলে পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।

0%
0%
0%
0%