AdvertisementAdvertisement

লালমাইয়ে দুর্বৃত্তদের তাণ্ডব, নার্সারির পাঁচ শতাধিক চারাগাছ কর্তন ও লক্ষাধিক টাকার ক্ষতি

কুমিল্লার লালমাই উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তদের তান্ডবে মিজানুর রহমান নামের এক উদ্যোক্তার প্রায় পাঁচ শতাধিক ফলজ চারা গাছ নিধন করা হয়েছে। সৌদি আরব থেকে দেশে ফিরে নিজের জমানো টাকায় গড়ে তোলা নার্সারির গাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও কেটে ফেলায় বাগানটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ভুক্তভোগীর প্রায় পাঁচ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী মিজানুর রহমান জানান, দেড় বছর আগে নিজস্ব ৩০ শতক জমিতে তিনি নার্সারিটি প্রতিষ্ঠা করেছিলেন। কঠোর পরিশ্রম ও পরিচর্যার মাধ্যমে বড় করা আম, মাল্টা, পেঁপে, জলপাই, কলা ও লটকনসহ বিভিন্ন উন্নত জাতের চারা গাছগুলো দুর্বৃত্তরা মাঝামাঝি অংশ থেকে কেটে ফেলেছে। প্রবাস জীবন শেষে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে দেশে ফেরা মিজানুর এখন বৃদ্ধ মা-বাবা ও চার সন্তান নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান মিন্টু জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও মিজানুরের নার্সারির পাশের ফিসারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন এবং নার্সারির ঘরে আগুন দেওয়ার মতো বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছিল। বারবার এমন শত্রুতার শিকার হওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী। লালমাই থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%