মিনার-ই-পাকিস্তান নয় বিকল্প স্থানে সমাবেশের অনুমতি নিয়ে হাইকোর্টের নির্দেশ

লাহোরে মিনার-ই-পাকিস্তানে রাজনৈতিক সমাবেশ করার অনুমতি না পাওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের দায়ের করা রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লাহোর হাইকোর্টের বিচারপতি মির্জা ওয়াকাস রউফ এই মামলার শুনানি গ্রহণ করেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিকল্প কোনো স্থানে সমাবেশ করার সুযোগ দেওয়া সম্ভব কি না, সে বিষয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন।
পিটিআই নেতা মিয়ান উসমান আকরামের পক্ষে দায়ের করা এই রিট পিটিশনে আগামী ৫ আগস্ট মিনার-ই-পাকিস্তানে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছিল। তবে শুনানির সময় পাকিস্তান সরকারের কৌঁসুলি আদালতকে অবহিত করেন যে, নিরাপত্তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে পিটিআইয়ের ওই প্রস্তাব ইতোমধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে।
পিটিআইয়ের আইনজীবীরা পাল্টা যুক্তিতে বলেন, প্রধান রাজনৈতিক দল হিসেবে তাদের সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে এবং সরকার চাইলে বিকল্প কোনো ভেন্যু নির্ধারণ করে দিতে পারে। জবাবে সরকারি আইনজীবী দাবি করেন যে, পিটিআই এখন পর্যন্ত বিকল্প কোনো স্থানের জন্য লিখিত আবেদন জমা দেয়নি।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত লাহোরের ডেপুটি কমিশনারের সঙ্গে আলোচনা করে একটি সুনির্দিষ্ট জবাব দেওয়ার জন্য সরকারি আইনজীবীকে নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানিতে এই নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিল করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
