কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা, পুলিশের হেফাজতে জামাতা

রাজধানী ঢাকার কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে এক নারী ও তার মাকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুজনের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও এলাকায় হওয়ায় ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
রোববার (২ আগস্ট) সকালে কাঁঠালবাগানের আল-আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা বেগম (২১) ও তার মা ফিরোজা বেগম (৩৮)। ঘটনার পর অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপন (৩০)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফারজানা বেগম, তার মা ফিরোজা বেগম এবং ফারজানার স্বামী শিপনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিপন ধারালো অস্ত্র দিয়ে ফারজানা ও ফিরোজাকে আঘাত করে বলে অভিযোগ ওঠে।
নিহত ফারজানার বাবা ও ফিরোজা বেগমের স্বামী ফারুক হোসেন জানান, সকালে ফোনে তিনি জানতে পারেন বাসায় তার মেয়ে ও স্ত্রীর সঙ্গে জামাতার ঝগড়া হচ্ছে। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় পৌঁছে দেখেন, মেয়ে ফারজানা রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছিলেন তার স্ত্রী ফিরোজা বেগম।
পরে তিনি স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার খবর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও এলাকায় পৌঁছালে নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, অভিযুক্ত হৃদয় ওরফে শিপনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
