কুমিল্লার বরুড়ায় ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার পলাতক মাদক কারবারিরা

কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানিয়েছেন, উপপরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ বা বোতলের সংখ্যা এখনো গণনা করা সম্ভব হয়নি।
বর্তমানে মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গণনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
