লঙ্কা প্রিমিয়ার লিগে নতুন মালিকানায় জাফনা কিংস যাত্রা শুরু করল অ্যাঙ্কর জাফনা কিংস নামে, মালিকানায় যুক্ত হলেন জহির খান

লঙ্কা প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস নতুন মালিকানা পাওয়ার পর এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। স্টকহোমভিত্তিক বৈশ্বিক ক্রীড়া সংস্থা অ্যাঙ্কর স্পোর্টস এবি আনুষ্ঠানিকভাবে দলটির মালিকানা কিনে নিয়েছে। এই নতুন যাত্রায় ফ্র্যাঞ্চাইজিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অ্যাঙ্কর জাফনা কিংস’। ভারতের কিংবদন্তি পেসার জহির খান এই মালিকানা স্বত্বের অন্যতম অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন, যা দলটির ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।
বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে কাজ করা অ্যাঙ্কর স্পোর্টস ইতিমধ্যে বেলজিয়ামের ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে এন্টওয়ার্প অ্যাঙ্করস এবং কানাডার সুপার ৬০ লিগে ভ্যাঙ্কুভার অ্যাঙ্করসের মালিকানায় রয়েছে। বর্তমান লঙ্কা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে জাফনা কিংস শীর্ষ দুইয়ের মধ্যে অবস্থান করছে, যা নতুন মালিকপক্ষের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
টুর্নামেন্টের স্বত্বাধিকারী ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অনিল মোহন এই নতুন সংযোজনকে স্বাগত জানিয়ে বলেন, জাফনা লিগের ছয় বছরের ইতিহাসে চারটি শিরোপা জয় করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। তিনি বিশ্বাস করেন, নতুন মালিকপক্ষ তাদের নতুন দর্শন ও প্রাণশক্তি দিয়ে দলটির ঐতিহাসিক ধারাকে আরও এগিয়ে নেবে এবং লঙ্কা প্রিমিয়ার লিগের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
শ্রীলঙ্কান ক্রিকেটের সাথে সম্পৃক্ত হতে পেরে উচ্ছ্বসিত জহির খান জানান, লঙ্কান বোলারদের উদ্ভাবনী শক্তি ও প্রতিভা তাকে সব সময় মুগ্ধ করেছে। একজন মালিক হিসেবে শ্রীলঙ্কান ক্রিকেটের অংশ হওয়াটা তার জন্য অত্যন্ত গর্বের। তিনি জাফনা অ্যাঙ্করসের খেলোয়াড়দের সাথে কাজ শুরু করার অপেক্ষায় আছেন।
টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদানোয়েলা মনে করেন, জহির খানের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের সম্পৃক্ততা পুরো লিগের জন্যই বড় প্রাপ্তি। মাঠের ভেতরে ও বাইরে তরুণ শ্রীলঙ্কান খেলোয়াড়দের মেন্টর হিসেবে জহিরের ভূমিকা দলটির জন্য মাইলফলক হয়ে থাকবে। নতুন মালিকানায় জাফনা কিংসের এই নতুন অধ্যায় লঙ্কা প্রিমিয়ার লিগে বাড়তি উত্তজনা ছড়াবে বলে আশা করা হচ্ছে।
