ঝিনাইদহের মহেশপুরে এক রাতেই চার কৃষকের সেচপাম্প চুরি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের ফসলি মাঠ থেকে একই রাতে চারজন কৃষকের চারটি বৈদ্যুতিক সেচপাম্প চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা কৌশলে মাঠ থেকে এসব পাম্প খুলে নিয়ে যায়। সোমবার সকালে কৃষকরা জমিতে সেচ দিতে গিয়ে পাম্প না দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ভুক্তভোগী কৃষকরা হলেন গাড়াবাড়ীয়া গ্রামের আজিজার রহমান, খায়রুল ইসলাম, রাব্বি এবং আব্দুস সালাম। রাতের আঁধারে সংঘটিত এই চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেচযন্ত্র হারিয়ে ফেলায় এখন ফসলের মাঠে পানি সরবরাহ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
ক্ষতিগ্রস্ত কৃষক খায়রুল ইসলাম জানান, মাঠে ফলন্ত ফসল বাঁচিয়ে রাখার জন্য সেচপাম্পই ছিল তাদের একমাত্র ভরসা। হঠাৎ করে মূল্যবান এসব যন্ত্র চুরি হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ধানসহ অন্যান্য রবি শস্যের ভরা মৌসুমে এমন ঘটনায় কৃষকদের মাথায় হাত পড়েছে।
এ ঘটনায় স্থানীয়রা চোর চক্রকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরি হওয়া পাম্পগুলো উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
