AdvertisementAdvertisement

আদমদীঘি সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে এখনো সাবেক প্রধানমন্ত্রীর ছবি অপসারণে অবহেলা

বগুড়ার আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শিত হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মিত ওয়েবসাইট হালনাগাদ করার বাধ্যবাধকতা থাকলেও দীর্ঘদিন ধরে তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের আওতাধীন এই দপ্তরের ওয়েবসাইটে পুরোনো ছবিগুলো দৃশ্যমান ছিল, যা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন নিজ কার্যালয়ে বসে আছেন এবং তার পাশে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মহসীন আলীসহ কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবির পটভূমিতে সাবেক দুই ব্যক্তির প্রতিকৃতি স্পষ্ট দেখা যাচ্ছে। সচেতন নাগরিকরা ইতিমধ্যে ছবিটির স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন, যা সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে।

Advertisement
বিজ্ঞাপন

২০২৪ সালে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি দপ্তরের ওয়েবসাইটে তথ্য ও ছবি হালনাগাদের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ক্ষেত্রে তা উপেক্ষিত হয়েছে। সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ এ প্রসঙ্গে বলেন, দীর্ঘ সময় ধরে দাপ্তরিক ওয়েবসাইটে পুরোনো ছবি বা তথ্য প্রদর্শিত থাকা চরম প্রশাসনিক অবহেলার বহিঃপ্রকাশ। অনতিবিলম্বে এসব তথ্য সংশোধন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

ওয়েবসাইট হালনাগাদ না থাকার কারণ জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন দায় চাপিয়েছেন অফিস সহায়কের ওপর। তিনি দাবি করেন, দপ্তরে জনবল সংকটের কারণে নিয়মিত ওয়েবসাইট আপডেট করা সম্ভব হয়নি এবং বিষয়টি তার দৃষ্টি এড়িয়ে গেছে। তবে সমালোচনার মুখে তিনি দ্রুত ছবিটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

বিষয়টি নজরে আসার পর আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকারি বিধি অনুযায়ী ওয়েবসাইটের তথ্য ও ছবি যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

0%
0%
0%
0%