দুর্নীতির তদন্তে চার সিটি কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

চলমান দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রমের মধ্যে চারজন সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেন কোনোভাবেই দেশত্যাগের সুযোগ দেওয়া না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৬ জুলাই একটি গোপনীয় চিঠির মাধ্যমে এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযুক্ত কর্মকর্তাদের নাম, পদবি, স্থায়ী ঠিকানা এবং পাসপোর্টের অনুলিপি সংযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখা, ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কবলে পড়া কর্মকর্তারা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান এবং একই সংস্থার সাবেক ও বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন। তালিকায় থাকা অপর দুই কর্মকর্তা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, যাকে সম্প্রতি ময়মনসিংহে বদলি করা হয়েছে এবং নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, যার বর্তমান কর্মস্থল রংপুর হিসেবে নির্ধারিত হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ভরযোগ্য গোপন সূত্রের তথ্যানুযায়ী তদন্তাধীন এই কর্মকর্তারা যেকোনো সময় দেশ ত্যাগের অপচেষ্টা চালাতে পারেন। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত কার্যক্রম নিশ্চিত করতে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে কঠোর নজরদারি বজায় রাখতে এবং অভিযুক্তদের বিদেশগমন রোধে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
