আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।
উগ্রবাদ দমন ও রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্ত্রী জানান। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়টি তাদের নিয়মিত কাজের অংশ উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং একে ভিন্নভাবে দেখার কোনো অবকাশ নেই।
নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের বর্তমানে মাঠপর্যায়ে কোনো কার্যকর প্রভাব নেই বলেও মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, তারা বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও দেশের অভ্যন্তরে কোনো ধরনের অশুভ কার্যক্রম চালানোর সক্ষমতা তাদের নেই।
সম্প্রতি এনসিপির ওপর হামলার অভিযোগের বিষয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা নির্বাচন কমিশনেরই।
