AdvertisementAdvertisement

কলকাতায় তিন ঘণ্টায় মিলবে এলপিজি সিলিন্ডার, নতুন পরিষেবায় খরচ বেশি

কলকাতার বাসিন্দাদের জন্য রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সংস্থাটি তাদের নতুন সেবা ‘ইন্ডেন এক্সট্রা লাইট’ চালুর মাধ্যমে বুকিংয়ের সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে গ্রাহকের দোরগোড়ায় গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। তবে এই বিশেষ পরিষেবার আওতায় কেবল ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার সরবরাহ করা হবে, যা সাধারণ ১৪.২ কেজির বাণিজ্যিক বা গার্হস্থ্য সিলিন্ডার থেকে আলাদা।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অথবা ‘ইন্ডিয়ান অয়েল ওয়ান’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই নতুন পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা নির্দিষ্ট কিছু আউটলেট থেকেও গ্যাস বুকিং করা সম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সিলিন্ডারের তুলনায় এই পরিষেবায় দ্রুত সেবা পাওয়া গেলেও, এর খরচ তুলনামূলক বেশি নির্ধারণ করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

নতুন সংযোগ নিতে ইচ্ছুক গ্রাহকদের ১০ কেজির কম্পোজিট গ্যাস সিলিন্ডারের জন্য ৪,৮০৪ টাকা পরিশোধ করতে হবে। এর সাথে যদি রেগুলেটর এবং হোস পাইপ কিনতে চান, তবে অতিরিক্ত খরচ করতে হবে; যার মধ্যে হোস পাইপের জন্য ২০০ টাকা এবং রেগুলেটরের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে এতে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি অন্তর্ভুক্ত নয়। রিফিল করার ক্ষেত্রে গ্রাহককে খরচ করতে হবে প্রায় ১,৬২০ টাকা, যা সাধারণ ১০ কেজি কম্পোজিট সিলিন্ডারের রিফিল মূল্যের চেয়ে অনেকটাই বেশি।

উল্লেখ্য যে, ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার ৯৬৮ টাকায় বিক্রি হচ্ছে। একই সিলিন্ডার দিল্লির বাজারে ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫ টাকা এবং চেন্নাইতে ৯৫৭.৫ টাকায় পাওয়া যাচ্ছে। দেশজুড়ে এলপিজি গ্রাহক সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ও কলকাতায় ইন্ডিয়ান অয়েলের আধিপত্য থাকলেও, নতুন এই দ্রুতগতির পরিষেবা সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%