AdvertisementAdvertisement

বোরহানউদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধ, তথ্যের সত্যতা যাচাই এবং নৈতিক মূল্যবোধের চর্চা বৃদ্ধির লক্ষ্যে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধের বিকাশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব ও গুজব ছড়ানোর ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করলেও অসত্য তথ্য ও গুজব সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তাই যেকোনো তথ্য শেয়ার করার আগে তা নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করার কোনো বিকল্প নেই। সচেতনতা ও নৈতিক মূল্যবোধের চর্চাই অপপ্রচার মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় বলে তিনি মন্তব্য করেন।

একটি দায়িত্বশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তরুণ প্রজন্মকে সত্য ও ইতিবাচক চিন্তার পথে উদ্বুদ্ধ করতে পারলে অপপ্রচারের বিস্তার রোধ করা সম্ভব হবে বলেও সভায় উল্লেখ করা হয়। অনুষ্ঠান শেষে সামাজিক মূল্যবোধ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%