রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও বিদেশি সিগারেট উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৩০ জুলাই দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের একটি চৌকস দল এ অভিযান চালায়।
সীমান্ত সড়ক দিয়ে মাদক ও চোরাচালানের একটি বড় চালান প্রবেশের গোপন সংবাদ পেয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। রাত সোয়া দশটার দিকে ১৬ কিলোমিটার এলাকায় ব্যাগ হাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাত দশমিক ৬২ মিলিমিটারের একটি চায়না পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও ১০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
