তিস্তায় মাদক পাচারকালে নৌকা ও ১০০ বোতল এসকাফ জব্দ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাকচর সংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালিয়ে মাদক পাচারের একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শ্যালো মেশিনচালিত একটি নৌকায় তল্লাশি চালিয়ে ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের মরিচখোঁচা এলাকার দুর্গম চরাঞ্চলকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে মাদকের এই চালানটি রংপুর শহরের দিকে নেওয়া হচ্ছিল। অভিযানে মাদকবাহী প্রায় ৪০ ফুট দীর্ঘ নৌকাটি জব্দ করা হয়েছে। তবে নৌকাটি আকারে বিশাল হওয়ায় নদীপথে থানায় নেওয়া সম্ভব হয়নি; পরবর্তীতে একটি ট্রলির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে সড়কপথে টেনে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিশাল আকৃতির নৌকাটি সড়কপথে নিয়ে যাওয়ার সময় সড়কের দুই পাশে সাধারণ মানুষের কৌতূহলী ভিড় লক্ষ্য করা যায়। বর্তমানে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।